বাড়িতে থেকে অনলাইনে টুকটাক কাজ করে সামান্য আয় হলে ব্যপার টা খারাপ হয় না। সেই আশায়ই ফেইসবুক স্ক্রল করার সময় একটি অনলাইন ইনকাম অ্যাড দেখে অ্যাডটাতে ক্লিক করে সাইন আপ করলাম। সাইন আপ করার পরে মেসেঞ্জারে একটি মেসেজ আসে। সেখানে WhatsApp এ জয়েন হওয়ার জন্য একটি লিংক দেয়া হয়। লিংকে জয়েন হওয়ার পরে হোয়াটসঅ্যাপে একটি গুগল ড্রাইভ এর লিংক দেয়া হয়। সেখানে বলা হয় টিমে কাজ করতে হলে নিচের ভিডিওটি দেখতে হবে। ভিডিওতে সবকিছু যেভাবে প্রেজেন্ট করা হয়, এবং লোকটি এমনভাবে কথা বলে তা দেখে আমার একটু হলেও ভরসা হয়।
ভিডিওতে মূলত বলা হয় তারা কোর্স করাবে না, ডিরেক্ট অনলাইনে কাজ করাবে এবং টীমে কাজ করাবে। টিমে কাজ করতে হলে কিছু পেইড টুলস এর দরকার হবে। মূলত সেই পেইড টুলস এর জন্যই তারা টাকাটা নিবে। আর যে কাজটা করে টাকাটা ইনকাম করতে হবে সেটা কোন আহামরি কাজ নয়। CPA Marketting এর কাজ, একদিনেই শিখে ফেলা সম্ভব।
পরে আমি লোকটার ইনবক্সে নক করে অল্প কিছু টাকা পেমেন্ট করতে চাই। কিন্তু তিনি রাজি হন না। পরে আমি ফুল টাকা মানে ৩০০০ টাকাই পেমেন্ট করতে রাজি হই। তখন তিনি আমাকে কল দিতে বলেন। কল দিয়ে লোকটার সাথে কথা বলার পরে তিনি আমাকে হোয়াটসঅ্যাপে একটি ওয়েবসাইটের লিংক দিল। সেখানে গিয়ে পেমেন্টটা করি। অবশ্য পেমেন্ট করার আগে নাম্বার গুলো ট্রু কলার এ চেক করে নিয়েছিলাম। কিন্তু কোন স্ক্যাম রিপোর্ট ছিল না।
পেমেন্ট করার পরে একটি টেলিগ্রাম লিংক আসে। লিংকটি কোন টেলিগ্রাম গ্রুপের লিংক না, একজন টেলিগ্রাম ইউজার এর প্রোফাইল লিংক। সেখানে গিয়ে নক করলে আরেকটি ভিডিও লিংক দেয়া হয় যেটা মূলত ইনকাম কিভাবে করবে সেই ভিডিও। ভিডিওটি দেখার পরে আমার কাজ করার উপর থেকে মনই উঠে যায়। কিন্তু টাকা তো ইনভেস্ট করে ফেলছি। এই টাকাটা তো আমাকে তুলতে হবে। যাই হোক পরে আমি whatsapp এবং টেলিগ্রামে নক করার পরে তারা টেলিগ্রামে আমাকে টুলস গুলোর লিংক, ইউজার আইডি, পাসওয়ার্ড এগুলো দেয়া শুরু করে। আমাকে যে জিনিসগুলো দেয়া হয়েছিল, সেগুলো আমি চেক করেও দেখিনি।
কারণ ভিডিওতে বলা হয়েছিল যে আপাতত ডেমো জিনিসগুলো ব্যবহার করে কাজ করতে। কারণ এই পেইড জিনিসগুলো এখন ইউজ করলে তারপর যদি ভুল হয় তাহলে আমারও লস তাদেরও লস। তাই প্রপারলি শিখে তারপরে কাজ করতে। এবং শিখে প্র্যাকটিস করা হয়ে গেলে তাদেরকে যেন নক করি। কিন্তু তারা প্র্যাকটিস করার জন্য কোন ডেমো ম্যাটেরিয়াল দেয়নি। সেগুলো চাওয়ার জন্য যখন আমি বারবার নক করতে ছিলাম, তখন তারা রিপ্লাই করতো না, উল্টো বলতো আপনি এত তাড়াহুড়া কেন করছেন।
কিন্তু যখন দেখলাম তারা কোথাও রেসপন্স করছে না ঠিকভাবে, তখন গিয়ে ফেসবুক পেজটা চেক করলাম দেখি আমাকে ব্লক করে রেখেছে। তারপর আমি সব জায়গা থেকে তাদের ইনবক্সের মেসেজগুলো স্ক্রিনশট দিয়ে রাখি। এরপর গিয়ে তাদেরকে বললাম যে আপনারা তো আমাকে কোনো গ্রুপে এড করেন নি, ঠিকভাবে রেসপন্স করছেন না। যদি এখানেও ব্লক করে দেন তখন কি করব? কিন্তু তারপরও তারা কোন রেসপন্স করেনি। পরের দিন কল দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে, পরে ডিরেক্ট নাম্বারে। এরপর থেকে নাম্বার অফ করা এবং হোয়াটসঅ্যাপেও আর মেসেজ যাচ্ছে না। whatsapp কমিউনিটি থেকেও আমাকে রিমুভ করে দিয়েছে। এমনকি টেলিগ্রামে পুরো চ্যাটসহ রিমুভ করে দেয়া হয়।
আপনাদের কাছে অনুরোধ, আমি যে বোকামি টা করেছি আপনারা সেটা করবেন না। অনলাইনে কোথাও টাকা দেয়ার আগে ১০০ বার ভাবুন।
